মোবাইলে বারবার ফোন, সিভিল সার্জনকে ‘গেট আউট’ বললেন আইনমন্ত্রী
বাগেরহাট প্রতিনিধি

ছবি: আগামীর সময়
সভায় বারবার মুঠোফোনে কথা বলায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ.স.ম. আব্দুর রহমানের ওপর ক্ষুব্ধ হয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একপর্যায়ে সিভিল সার্জনকে সভাকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন তিনি। পরে অবশ্য তাকে আবার আসনে বসতে বলেন মন্ত্রী।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় ঘটে এ ঘটনা।
সভা চলাকালে একাধিকবার মুঠোফোনে কথা বলছিলেন সিভিল সার্জন। এতে ক্ষুব্ধ হয়ে আইনমন্ত্রী বলেন, ‘চারবার আপনি এখানে বসে ফোন করছেন।’
একপর্যায়ে তিনি সিভিল সার্জনকে উদ্দেশ করে বলেন, ‘গেট আউট ফ্রম দিস রুম।’ পরে আবার তাকে আসনে বসতে বলেন।
এ সময় আইনমন্ত্রী বলেন, ‘আমরা এখানে সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছি। আপনার কারণে এখানে মনোযোগ নষ্ট হচ্ছে।’
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত এ সভায় ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।




