ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

পার্কিং করা লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : আগামীর সময়
ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখের মৃত্যু হয়েছে। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীরা বাসটিতে আগুন লাগিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
নিহত কালাচান শেখ শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, রাতে নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে আগুন দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচান শেখ।
আগুনের ধোঁয়ায় তিনি শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়োই জানিয়েছেন, রাত আনুমানিক ২টার দিকে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, রাতে বাসস্ট্যান্ডের লোকজন কালাচান শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
তার ভাষ্য, ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।





