‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কলাবোঝাই পিকআপে আগুন

গ্রাফিকস: আগামীর সময়
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপ ভ্যানের টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন পিকআপের চালক।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের মানিকতলা এলাকায় খুলনা-বাগেরহাট-বরিশাল মহাসড়কের পাশে বাগেরহাট সি ফুডের কাছে ঘটে এ ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পিকআপের চালক জানান, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে তার গাড়ির কাছে নামে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকার শুনে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে তিনি নিজেই গাড়ির আগুন নেভান। চালকের বাড়ি বাগেরহাটের সাইনবোর্ড এলাকায়।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, মানিকতলা এলাকায় কলাবোঝাই একটি পিকআপের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তাদের আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হবে।




