ভাঙ্গায় বাবা-ছেলেকে চাপা দিল অজ্ঞাতনামা গাড়ি

ছবি: আগামীর সময়
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির চাপায় ট্রাকচালক বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।
নিহত ব্যক্তিরা হলেন যশোর জেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক ইউসুফ আলী (৫০) এবং তার ছেলে ইয়াকুব আলী (২৬)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চাকা পাংচার হওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়েছিল ট্রাকটি। চাকা পরিবর্তনের কাজ করছিলেন ট্রাকটির চালক ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুজন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত হোসেন জানালেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




