পদ্মায় বালুর ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

ড্রেজার বসিয়ে তোলা হচ্ছে বালু। ছবি: আগামীর সময়
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ পদ্মায় বালু উত্তোলনকারী ড্রেজার ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘জুলাই বিপ্লব এক দিনে শুরু হয়নি। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। যারা গণতন্ত্র হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো আপস হবে না। দেশে সন্ত্রাস ও মাদকের কোনো স্থান হবে না। আমার এলাকায় কোনো সন্ত্রাসী ও মাদকসেবীকে জায়গা দেব না। পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার ধরিয়ে দিতে পারলে ব্যক্তিগতভাবে আমি ৫০ হাজার টাকা পুরস্কার দেব।’




