ছোট ভাইয়ের স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা গেল বড় ভাইও

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ছোট ভাইয়ের স্ত্রী আফরোজা আক্তারকে (৪৫) বাঁচাতে গিয়ে মারা গেছেন বড় ভাই হারুন অর রশিদও (৫৫)। এ ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রীও মারা গেছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার চৌদার উত্তরপাড়া গ্রামের ঘটনা এটি।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সেকান্দর আলীর স্ত্রী আফরোজা আক্তা দুপুরে ফিশারির পাড়ের একটি গাছ থেকে লাউ তুলতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের ধানখেতে কাজ করছিলেন তার প্রতিবেশী চাচাতো বড় ভাই হারুন অর রশিদ। আফরোজাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ফিশারির মাছ চুরি ঠেকাতে সেকান্দর আলী পানিতে বাঁশের খুঁটি পুঁতে জিআই তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছিলেন। রাতে বিদ্যুৎ সংযোগ চালু করে সকালে বন্ধ করে দেওয়া হতো। তবে গতকাল সকালে ভুলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়নি। দুপুরে ফিশারির পাড়ের গাছ থেকে লাউ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আফরোজা। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হারুন অর রশিদও।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে আইনিব্যবস্থা নেওয়া হবে।




