টেকনাফ
দুই জন্মনিবন্ধনে বাবার নাম দুই রকম, যুবকের কারাদণ্ড

ছবি: আগামীর সময়
কক্সবাজারের টেকনাফে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার আবেদনের সঙ্গে দেওয়া কাগজপত্রে তথ্যের অমিল পাওয়ার ঘটনায় নুরুল আজিজ (২২) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ে কাগজপত্র যাচাইয়ের সময় তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
উপজেলা নির্বাচন কার্যালয়ের ভাষ্য, নুরুল আজিজের নামে দুটি জন্ম নিবন্ধন সনদ পাওয়া গেছে। সনদ দুটিতে বাবার নাম ভিন্ন। এ ছাড়া একটি এসএসসি সনদেও বাবার নামের ক্ষেত্রে অমিল পাওয়া যায়।
জন্ম নিবন্ধন সনদে নুরুল আজিজকে হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা মো. রশিদের ছেলে হিসেবে উল্লেখ করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সালাউদ্দিন আল আজাদ বলেছেন, কাগজপত্র যাচাইয়ের সময় তথ্যের অমিল পাওয়ায় বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়। পরে নুরুল আজিজকে তার কাছে সোপর্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান বলেছেন, জন্মনিবন্ধন ও শিক্ষাগত সনদে তথ্যের অমিলের বিষয়টি যাচাই করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নুরুল আজিজকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।




