তেলের ট্যাংকার কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শ্রমিক নিহত

ঢাকা মেডিকেল কলেজ— সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে পুরাতন তেলের ট্যাংক কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মহিবুল (৪৮) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বিকাল ৫টার দিকে শেখ রফিককে মৃত ঘোষণা করেন।
ক্রাউন ফ্যাক্টরির অ্যাডমিন এক্সিকিউটিভ মোস্তাফিজুর রহমান জানান, হতাহতরা পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি। শনিবার বিকালে গ্যাসের কাটার দিয়ে তারা একটি গাড়ির পুরাতন তেলের ট্যাংক কাটছিলেন। তখনই গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে শেখ রফিকের পেটের অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া মহিবুল মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই শেখ রফিক ও মহিবুলকে হাসপাতালে নেয়া হয়। ওই সময় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক শেখ রফিককে মৃত ঘোষণা করেন। এ ছাড়া মহিবুল বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন। এর মধ্যে নিহত রফিকের বাড়ি কক্সবাজারের রামু থানা এলাকায়। তারা দু’জনই কারখানার শ্রমিক।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি বন্দর থানায় অবগত করা হয়েছে।





