ধামরাইয়ে রাতের আঁধারে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ছবি: আগামীর সময়
ঢাকা-আরিচা মহাসড়কে গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোররাতে ধামরাই থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘দুর্বৃত্তদের দেওয়া আগুন’ বা ‘নাশকতা’ বলে ধারণা করা হলেও কেন এবং কারা বাসে আগুন দিয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ২টা ৩৫ মিনিটের দিকে হঠাৎ পাবেল পরিবহনের একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই আগুন বাসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত ২টা ৪০ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। টানা ৩০ মিনিটের প্রচেষ্টায় রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল আমিন খান বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছিলেন বলেই বাসের বড় অংশ এবং আশপাশের স্থাপনার ক্ষতি এড়ানো গেছে। অগ্নিকাণ্ডে বাসের আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, রাতেই ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের দল পাঠানো হয়েছিল। বাসটিতে মেরামতের কাজ চলছিল। বৈদ্যুতিক তারের সংযোগ থেকে অথবা বাসের ভেতরে মশার কয়েল জ্বালিয়ে কেউ ঘুমানোর কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
তবে দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধির হাতে বাসে আগুন লাগার একটি ভিডিও ফুটেজ এসেছে। ফুটেজে দেখা যায়, পেট্রোল বা জ্বালানি তেল ব্যবহার করে বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে কয়েকজন ব্যক্তি।
ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন—এমন ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে ধামরাই থানার ওসি বলেন, এটি কোনো নাশকতা বা রাজনৈতিক সহিংসতার ঘটনা—এমন সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।




