ঈদ বাজারে সোনালি লোমে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

ছবি: আগামীর সময়
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের আগানগর পশুর হাটে আনা হচ্ছে ব্যতিক্রমধর্মী এক মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
বিশাল আকৃতি ও মাথার সামনের অংশের আলাদা ধরনের লোমের কারণে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে প্রাণীটি।
নারায়ণগঞ্জের মাশাআল্লাহ পশুর খামারে লালন-পালন করা হয়েছে মহিষটি। খামার সংশ্লিষ্টরা জানান, দেশীয় খাবার, উন্নত পরিচর্যা ও প্রাকৃতিক পদ্ধতিতে বড় করা হয়েছে এটিকে।
খামার মালিকের ভাষ্য, জন্মের পর থেকেই মহিষটির গঠন ও চেহারায় ছিল ভিন্নতা। বিশেষ করে মাথার সামনের সোনালি রঙের লম্বা লোম দেখে মজা করেই এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
ঈদকে ঘিরে আগানগর পশুর হাটে মহিষটি দেখতে ভিড় করছেন স্থানীয় মানুষ ও পশুপ্রেমীরা। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। খামার সংশ্লিষ্টদের দাবি, শান্ত স্বভাব ও আকর্ষণীয় গঠনের কারণে ক্রেতাদের নজর কাড়ছে মহিষটি।
প্রতি বছর কোরবানির বাজারে বড় আকৃতির গরু ও মহিষ নিয়ে দেখা যায় আলাদা আগ্রহ। সেই ধারাবাহিকতায় এবার আগানগর পশুর হাটে ‘ডোনাল্ড ট্রাম্প’ বিশেষ আকর্ষণ হয়ে ওঠবে বলে মনে করছেন হাট সংশ্লিষ্টরা।




