নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: আগামীর সময়
কুড়িগ্রাম থেকে নির্বাচনে কোনো আসন না পেলেও উন্নয়ন থেকে এ জেলা বঞ্চিত হবে না বলে আশ্বাস দিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেছেন, ‘আপনারা অনেকে ধারণা করতে পারেন, কুড়িগ্রাম থেকে আমরা কোনো আসন পাইনি বলে সরকার এ জেলাকে অবহেলা করছে। উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে কোনোভাবেই অবহেলা করা হবে না।’
আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী দুলু বললেন, ‘কুড়িগ্রাম একটি পশ্চাৎপদ জেলা। এখানে এখনো অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এ কারণে আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি, যাতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং মানুষ এ সরকারের ওপর আস্থা অর্জন করতে পারে।’
‘বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের সমস্ত বিভাগগুলোকে পঙ্গু করে ফেলেছিল। রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়ার কারণে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, বিভিন্ন স্তরে এখনো অনিয়ম, দুর্নীতি ও অসামঞ্জস্যতা রয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি,’ যোগ করলেন তিনি।
পরে তিনি রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন পরিদর্শন করেন। এ সময় রাজারহাট উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




