গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি: আগামীর সময়
গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বুধবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার (৮৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচি সরদারের ছেলে। অপরজন হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)।
স্থানীয়দের বরাতে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি এস. এম মুনতাসির মাহামুদ জানান, একটি পিকআপে করে মালামাল নিয়ে মোংলায় ছেলের বাসায় যাচ্ছিলেন আব্দুল সত্তার। ভোরে পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে অপর একটি পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সত্তার। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী একটি ট্রাক পথচারী ওবায়দুরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন ওসি।




