গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আগামীর সময়
গাজীপুরের সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে হোতাপাড়া মনিপুর এলাকার শ্যামলী মোড়ে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বাসটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। আজ ভোরে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা অবস্থায় কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন, মঙ্গলবার ভোরে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




