আগামীর সময়ে সংবাদ : সেই শিউলির পাশে প্রশাসন ও ফাউন্ডেশন

দৃষ্টিপ্রতিবন্ধী শিউলি ও তার পরিবারের পাশে ফাউন্ডেশন— আগামীর সময়
ময়মনসিংহে দুই সন্তানের পড়াশোনার খরচ জোগাতে পথে নামা দৃষ্টিপ্রতিবন্ধী মা শিউলি আক্তারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও একটি ফাউন্ডেশন। এর মধ্যে আব্দুল জলিল ফাউন্ডেশন শিউলির দুই ছেলের পড়াশোনার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে।‘আগামীর সময়’
গত ১৬ আগস্ট শিউলি আক্তারের জীবনসংগ্রাম নিয়ে ‘আগামীর সময়’ অনলাইনে সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। এরপর ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পরিবারটির সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত ‘আগামীর সময়’-কে জানালেন, শিউলি আক্তার শারীরিকভাবে অক্ষম হওয়ায় কাজ করতে পারেন না। পরিবারটির আয়ের সুযোগ তৈরি করতে পাঁচ থেকে ছয়টি ছাগল কিনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিউলির দুই ছেলের পড়াশোনার উপকরণ ও অন্যান্য সহায়তা উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে নিয়মিত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে শিউলি আক্তারের দুই ছেলের পড়াশোনার খরচ বহনের আগ্রহ প্রকাশ করেছে আব্দুল জলিল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘আগামীর সময়’-এর প্রতিনিধিকে সঙ্গে নিয়ে শিউলির বাড়িতে গিয়ে দুই ছেলের হাতে খাতা-কলম তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের স্কুলড্রেস তৈরি করে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।
আব্দুল জলিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জানালেন, এখন থেকে শিউলি আক্তারের দুই ছেলের খাতা-কলম, পরীক্ষার ফিসসহ পড়াশোনার যাবতীয় খরচ ফাউন্ডেশন বহন করবে। অর্থের অভাবে তাদের পড়াশোনা যাতে বন্ধ না হয়, তা নিশ্চিত করতে ফাউন্ডেশন পাশে থাকবে বলেও জানালেন তিনি।







