দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে গেছে বাস

ফাইল ছবি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে একটি বাস নদীতে পড়ে গেছে। আজ শুক্রবার সকালে বাসটি নদীতে পড়ে যায়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার জানালেন, বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় বাসে যাত্রীরা ছিলেন না। যাত্রীরা আগেই নেমে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফেরির র্যামে সজোরে আঘাত করে বাসটি সরাসরি পদ্মার পানিতে তলিয়ে যায়।
মুহূর্তের মধ্যেই ঘাটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের জন্য অনেকের মনেই ফিরে আসে গত ২৫ মার্চের ভয়াবহ সেই দুর্ঘটনার স্মৃতি। যেখানে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মায় পড়ে ২৬ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল।
এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেছেন, বাসটিতে ৩৭ জন যাত্রী ছিলেন। বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় বাসে শুধু চালক ও তার সহকারী ছিলেন। তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।




