ফরিদপুর
প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী

অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার প্রবাসীর স্ত্রী। ছবি: সংগৃহীত
প্রবাসী স্বামীর পাঠানো অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) রাত প্রায় ৩টার দিকে ফরিদপুরের সালথায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রমিজা সুলতানা আন্নাকে। স্থানীয় মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের ইয়াসিন মোল্লার মেয়ে।
পুলিশের ভাষ্য, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের এক প্রবাসী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিলেন। পরিবারের ভরণপোষণ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে স্ত্রীর ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়মিত অর্থ পাঠাতেন তিনি।
অভিযোগে বলা হয়েছে, ওই অর্থের একটি বড় অংশ ব্যক্তিগত কাজে ব্যয় করেন রমিজা। বাদীর অভিযোগ, একটি অনৈতিক সম্পর্কের পেছনেও অর্থ ব্যয় করেছেন তিনি।
সম্প্রতি দেশে ফিরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে সালথা থানায় লিখিত অভিযোগ করেন ওই প্রবাসী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, তদন্তে প্রাথমিকভাবে অর্থ আত্মসাৎ ও প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই আসাদুজ্জামান তালুকদার বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হয়েছে তদন্ত পরিচালনা। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের আলোকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। মামলার অন্যান্য বিষয়ও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, ‘গ্রেপ্তারকৃত নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।’
তবে অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে আইনি সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন ওসি।




