ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম, স্থায়ী সমাধান চেয়ে পদযাত্রা

অভয়নগরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়, ছবি: আগামীর সময়
অব্যাহত বৃষ্টিতে আবারও ভয়াবহ জলাবদ্ধতায় পড়েছে যশোরের ভবদহ অঞ্চল। পানির নিচে রয়েছে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার অন্তত ২০০ গ্রাম। তিন মাস ধরে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন লক্ষাধিক মানুষ। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়েছে। ফসলি জমি, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয় পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
দীর্ঘদিনের এ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে আজ সোমবার ‘ভবদহ দিবস’ উপলক্ষে পদযাত্রা ও সমাবেশ করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। বিকাল ৩টায় অভয়নগর উপজেলা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে আমডাঙ্গা খাল পর্যন্ত যায়।
পদযাত্রা শেষে এক সমাবেশে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আবদুল হামিদ বললেন, ভবদহের জলাবদ্ধতা নিরসনে আগামী মাঘী পূর্ণিমার আগেই কার্যকর ‘টাইডাল রিভার ম্যানেজমেন্ট’ (টিআরএম) বা জোয়ারাধার চালু করতে হবে। একই সঙ্গে আমডাঙ্গা খাল দ্রুত পুনঃখনন ও প্রশস্ত করার দাবি জানালেন তিনি।
এ ছাড়া মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীতে পলি জমে নাব্য কমে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। নদী সংস্কারে ১৪০ কোটি টাকা ব্যয় হলেও টিআরএম চালু না হলে সেই উদ্যোগ দীর্ঘস্থায়ী সুফল দেবে না বলে তিনি জানান।
সমাবেশে সংগ্রাম কমিটির অন্য নেতারা বলেছেন, সম্প্রতি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ভবদহ পরিদর্শনের আহ্বান জানানো হলেও এক মাসেও দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। নেতারা নদী-খাল থেকে কচুরিপানা, নেট-পাটা ও কৃত্রিম বাঁধ অপসারণ, ভবদহের ২১-ভেন্ট স্লুইচগেটের প্রতিবন্ধকতা দূর করা এবং টেকা নদীর অবশিষ্ট অংশ দ্রুত খননসহ বিভিন্ন জরুরি পদক্ষেপের দাবি জানান।




