এক দশক পর গাজীপুর সাফারি পার্ক থেকে মুক্ত হচ্ছে দুই লেপার্ড

গ্রাফিকস: আগামীর সময়
লেপার্ড চটপটে ও দক্ষ শিকারি প্রাণী। গাছে ওঠা, ছুটে চলা এবং শিকার ধরাই তাদের স্বাভাবিক জীবনযাপনের অংশ। অথচ গাজীপুর সাফারি পার্কে দুটি লেপার্ডের জীবন কেটেছে ছোট একটি লোহার গ্রিলঘেরা কক্ষে। সেখানে নেই গাছে ওঠার সুযোগ, নেই ছুটে বেড়ানোর পরিসর, নেই শিকার ধরার স্বাভাবিক পরিবেশ। দর্শনার্থীদের দেখার সুযোগও নেই। মাত্র তিন সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল তাদের; কিন্তু সেই কোয়ারেন্টাইনেই কেটে গেছে প্রায় এক দশক। এবার সেই বন্দিদশা থেকে মুক্তি পেতে যাচ্ছে লেপার্ড দুটি। তাদের জন্য সাফারি পার্কে ৬৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে আলাদা বেষ্টনী।
গত রবিবার সহকারী বন সংরক্ষক ও গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান এসব তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, ২০২৪ সালে শুরু হওয়া সাফারি পার্কের অত্যাবশ্যকীয় ব্যবস্থাপনা প্রকল্পে লেপার্ডের জন্য আলাদা বেষ্টনী নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। ২০২৬-২৭ অর্থবছরে এ বেষ্টনীর জন্য ৬৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, বেষ্টনীটির আয়তন হবে ১৫০ বর্গমিটার। সেখানে লেপার্ডের স্বাভাবিক চলাফেরা ও গাছে ওঠার সুযোগ তৈরিতে প্রাকৃতিক গাছপালা রাখা হবে। তা সম্ভব না হলে কৃত্রিম গাছের ব্যবস্থা করা হবে। বেষ্টনীতে পানির ব্যবস্থা ও রাতের জন্য আলাদা শেল্টারও থাকবে।
তবে বেষ্টনীটি সাফারি পার্কের কোন স্থানে নির্মাণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জায়গা নির্ধারণের আগে সম্ভাব্যতা যাচাই চলছে। বেষ্টনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে কি না— সেটিও স্থান নির্ধারণের পর সিদ্ধান্ত নেওয়া হবে— জানালেন তারেক রহমান।
২০১৭ সালের ১৩ নভেম্বর যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় একটি গাড়ি থেকে দুটি লেপার্ড ও দুটি সিংহশাবক উদ্ধার করে পুলিশ। বন্যপ্রাণী পাচারের অভিযোগে ওই ঘটনায় দুজনকে আটকও করা হয়। পরে চারটি শাবককে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। উদ্ধারের সময় লেপার্ড দুটির বয়স ছিল মাত্র দেড় মাস। নিয়ম অনুযায়ী, চারটি শাবককে কোয়ারেন্টিন শেডে তিন সপ্তাহের জন্য রাখা হয়েছিল। এরপর সিংহশাবক দুটিকে পার্কের নির্ধারিত স্থানে নেওয়া হলেও লেপার্ড দুটিকে আর সরানো হয়নি। সেই থেকে একই ছোট ঘরেই তাদের জীবন কাটছে। সময় গড়িয়েছে। দেড় মাস বয়সী দুটি শাবক এখন প্রায় ৯ বছরের লেপার্ড। যে কোয়ারেন্টাইন থাকার কথা ছিল কয়েক সপ্তাহ, সেটিই তাদের জন্য পরিণত হয়েছে দীর্ঘমেয়াদি বন্দিদশায়।



