কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ফের অভিযান, আটক ২৫৪

ফাইল ছবি
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ফের অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে গতকাল শনিবার রাতভর জেলার ১৮টি থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ রবিবার এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
তিনি জানান, জেলার কিশোর গ্যাং বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট একযোগে অভিযান পরিচালনা করে। কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেই সব স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। আটকদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার লুৎফর জানিয়েছেন, উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
গত বৃহস্পতিবার কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ১৭৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান চালানো হচ্ছে।




