৩৬ ঘণ্টা পর মর্গ থেকে যুবলীগ কর্মীর মরদেহ নিলেন স্বজনরা

যুবলীগ কর্মীর মরদেহ বাহী অ্যাম্বুলেন্স
ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩৬ ঘণ্টা পর হাসপাতালের মর্গ থেকে নিয়ে গেছেন স্বজনরা।
আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় মেহেদীর স্ত্রী মীম, খালাতো ভাই জিসানসহ কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকাল থেকে মেহেদীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা ছিল। তবে পরিবারের কেউ না আসায় মরদেহ হস্তান্তর করা সম্ভব হয়নি। একই কারণে ময়নাতদন্তও করা যায়নি।
জানা যায়, মঙ্গলবার দুপুরে মেহেদীর স্বজনরা হাসপাতালের মর্গে আসেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়। মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসকেরা ময়নাতদন্ত সম্পন্ন করেন। এরপর বিকাল ৪টার দিকে স্বজনরা মরদেহ গ্রহণ করে হাসপাতাল ত্যাগ করেন।
মেহেদীকে কোথায় দাফন করা হবে, তা নিশ্চিত করে জানাতে পারেননি স্বজনরা। পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে সাংবাদিকদের জানান তারা।
মেহেদী হাসানের বাড়ি ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায়। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।
গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে হত্যা করা হয় একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ্জামানকে (৩৫)। তার বড় ভাই নোমান কাউছার ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এ হত্যাকাণ্ডে মেহেদীকে দায়ী করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এর জেরে সোমবার ভোররাতে গণপিটুনিতে গুরুতর আহত হয়ে মারা যান মেহেদী।



