ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

ছবি: আগামীর সময়
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধমকির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে জরুরি প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়া।
সভায় জানানো হয়, কয়েক দিন আগে দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ সংবাদদাতা মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় জরুরি সভা ডাকা হলে সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের অনুরোধে সমঝোতার প্রস্তাব গ্রহণ করা হয়। তবে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে মহিউদ্দিনকে আবারও খোঁজাখুঁজি করা হয়। এ সময় সাংবাদিক শিমুল হাসানকে মারতে উদ্যত হওয়া এবং প্রেস ক্লাবের সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
এ ছাড়া সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ ও থানা এলাকায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, হুমকি এবং মারধরের অভিযোগও সভায় তুলে ধরেন সাংবাদিকরা। তাদের অভিযোগ, একাধিক ঘটনায় কুপিয়ে হত্যা ও জখম করার হুমকিও দেওয়া হয়েছে।
সভাপতি আবু হেনা মোস্তফা কামাল জানান, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে সাংবাদিকদের প্রতি হুমকি-ধমকি বন্ধে স্থানীয় বিএনপি নেতারা কার্যকর উদ্যোগ নিয়ে পরিস্থিতির স্থায়ী সমাধান করলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকবে। সভায় প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান নেতারাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




