মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত ১৩

সংগৃহীত ছবি
কক্সবাজারের মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হাবিবুর রহমান হাবিব (৪৫) নামে ঢাকার এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তানসহ ১৩ জন পর্যটক আহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঘটে এ দুর্ঘটনা।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ঢাকার ১৪ জনের একটি পর্যটক দল বিকেল ৪টার দিকে চান্দের গাড়িতে করে কক্সবাজার থেকে ইনানীর উদ্দেশ্যে রওনা হয়। হিমছড়ি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়।
নিহত হাবিব ঢাকার মহাখালীর রসুলবাগ এলাকার বাসিন্দা। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
আহত এক পর্যটক জানান, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কয়েকবার তাকে গাড়ির গতি কমানোর জন্য সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। একপর্যায়ে রেজুখাল এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় হাবিবুর রহমানের স্ত্রী শারমিন ও ছেলে সাফওয়ান গুরুতর আহত হয়েছেন। তাদের সঙ্গে থাকা আরও ১১ জন পর্যটকও আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত চান্দের গাড়িটি একটি কাভার্ড ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়।
রাত সাড়ে ১২টার দিকে নিহত হাবিবের মরদেহ ও আহত পর্যটকদের নিয়ে একটি লাশবাহী গাড়ি ও পাঁচটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।




