কিশোরগঞ্জে হোটেল কর্মচারী হত্যার দায়ে ১৮ বছর পর তিনজনের যাবজ্জীবন

রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নেওয়া হয়। ছবি: আগামীর সময়
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় ১৮ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রহম আলী।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাহজাহান ওরফে সাজু, একই এলাকার আবদুল হেকিমের ছেলে রতন ওরফে মো. শফিকুল ইসলাম রতন এবং গাইটাল (শ্রীনগর) এলাকার মৃত আবদুল খালেকের ছেলে আবু তাহের।
মামলার বিবরণে জানা যায়, নিহত জয়নাল আবেদীন কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলের কর্মচারী ছিলেন। ২০০৮ সালের ১১ জানুয়ারি রাত ৭টার দিকে শাহজাহান সাজু, রতন ও আবু তাহের ওই হোটেলে যান। তারা জয়নালের সঙ্গে কথা বলেন এবং চা-পুরি খাওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যান। এরপর জয়নাল আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন ১২ জানুয়ারি লোকমুখে খবর পেয়ে গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখান থেকে জয়নালের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে টাকা-পয়সার লেনদেন নিয়ে একই গ্রামের মানিক ভুঞার সঙ্গে জয়নালের বিরোধের বিষয়টি সামনে আসে। এ ঘটনায় জয়নালের স্ত্রী বাদী হয়ে মানিক ভুঞাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে পুলিশ মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে।
পরে মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। সিআইডির তদন্তে হত্যাকাণ্ডের পেছনে জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের তথ্য উঠে আসে। তদন্তে জানা যায়, জয়নালের কাছে ৩০ হাজার টাকা দাবি করেছিলেন শাহজাহান সাজু। টাকা না দিলে জমি বিক্রির অর্থ ভোগ করতে দেবেন না এবং তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন সাজু।
এ ছাড়া রতনের সঙ্গে মানিক ভুঞার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে মানিককে ফাঁসানো ও শায়েস্তা করতে তার ঘনিষ্ঠ বন্ধু জয়নালকে হত্যার পরিকল্পনা করেন রতন। পরিকল্পনা বাস্তবায়নে তিনি শাহজাহান সাজু ও আবু তাহেরকে যুক্ত করেন। ঘটনার দিন ধারালো অস্ত্র দিয়ে জয়নালের গলা কেটে হত্যা করে মরদেহ হাওরের মাঝখানে ফেলে রাখা হয়।
সিআইডির তদন্তে হত্যাকাণ্ডে শাহজাহান সাজু, রতন ও আবু তাহেরের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তবে মানিক ভুঞা ও জামিল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়। পরে ২০১২ সালের ৩১ মে তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১৮ বছর পর এ মামলার রায় ঘোষণা করলেন আদালত।




