ছাত্রদল নেতার বাসায় মাদক সেবনের সময় ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

সংগৃহীত ছবি
বরগুনার বেতাগী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজিব জোমাদ্দারের বাসায় মাদক সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বেতাগী উপজেলা সভাপতি সোহেল আমিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় রাজিব জোমাদ্দার এবং উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নাঈম খানকেও গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) রাতে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওয়াবদা রোডের ওই বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল বলেছেন, ‘দুটি রাজনৈতিক দলের তিন নেতাকে মাদকসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিস্তারিত নাম ঠিকানা যাচাই-বাছাই চলছে’। এ বিষয়ে জানতে বেতাগী থানার ওসি এনামুল হককে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
তবে বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা জানালেন, বেতাগী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজিব জোমাদ্দার তার বাসায় বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন হাওলাদার ও ছাত্রদলের সহ-সভাপতি নাঈম খানকে নিয়ে মাদক সেবন করছেন বলে খবর পায় পুলিশ।
পুলিশ সুপার আরও জানালেন, খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে মাদক, রামদা ও চাকুসহ ওই তিনজনকে আটক করে বেতাগী থানার পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকের মামলাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



