বঙ্গোপসাগরের ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ফাইল ছবি
বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার ট্রলার থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ সোমবার রাতে কোনো এক সময় তিনি সাগরে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার সকালে জাল তোলার সময় তাকে ট্রলারে না পেয়ে অন্য জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। তবে দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জেলের নাম মো. শাহিন (২৭)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের ভাইজোড়া এলাকার আলম মিয়ার ছেলে। বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকার ফুল মিয়ার মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারে জেলে হিসেবে কর্মরত।
ট্রলার মালিক ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রলারটিতে মোট ১০ জন জেলে ছিলেন। সোমবার রাতে বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলে তারা ট্রলারে ঘুমিয়ে পড়েন। সকালে জাল তোলার সময় সবাইকে ডাকাডাকি করা হলে শাহিনকে পাওয়া যায়নি। পরে ট্রলারের ভেতর ও আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
ট্রলারটির মালিক ও মাঝি ফুল মিয়া জানিয়েছেন, রাতে জাল ফেলে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। আজ সকালে শাহিনকে না পেয়ে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি ট্রলার থেকে সাগরে পড়ে গেছেন।
শাহিনের স্বজনেরা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা শাহিনকে জীবিত উদ্ধারের আশায় অপেক্ষা করছেন। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলেদের নিখোঁজ হওয়ার ঘটনা নতুন নয়। শাহিন নিখোঁজের খবর তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানিয়েছেন, জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। নিখোঁজ শাহিনের বাড়ি মঠবাড়িয়া উপজেলায় হওয়ায় বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।






