কালকিনি
দিনে ভাঙারি ব্যবসা, রাতে চুরি!

আটক আজিজুল ব্যাপারি
দিনের বেলায় ভাঙারি কেনার কথা বলে এলাকায় ঘোরাফেরা, আর রাত হলে চুরির চেষ্টা—এমন অভিযোগে মাদারীপুরের কালকিনিতে আজিজুল ব্যাপারি (৩৫) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তার সঙ্গে থাকা সিয়াম নামের আরেক যুবক পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা ইকবাল ইমারত শাওনসহ বেশ কয়েকজনের ( ১৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তোর সন্দেহে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তারা বলেন, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের মহিষমারি গ্রামে চুরি এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে আজিজুল ও সিয়াম একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে আজিজুলকে আটক করা গেলেও সিয়াম পালিয়ে যান। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুলকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি মহিষমারি ও আশপাশের এলাকায় পাঁচটি অটোরিকশাসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকেই রাতের বেলায় অপরিচিত লোকজনের চলাচলের বিষয়ে স্থানীয় বাসিন্দারা সতর্ক ছিলেন।
স্থানীয় ইকবাল হোসেন বলেন , আটকের পর আজিজুল তাদের কাছে জানিয়েছেন, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে জড়িত। দিনের বেলায় ভাঙারি কেনার কথা বলে ভ্যান নিয়ে বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করেন। পরে সুযোগ বুঝে রাতে চুরির চেষ্টা করেন।
কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ বলেন, ‘এলাকাবাসী চোর সন্দেহে কয়েকজনকে ধাওয়া করে আজিজুল নামের একজনকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’




