গাজীপুরে আগুনে পুড়ল ৪৫ বসতঘর

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪৫টি বসতঘর। ছবি: সংগৃহীত
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ৪৫টি বসতঘর পুড়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দলিল লেখক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের আধাপাকা বাড়িতে লাগে এ আগুন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর হোসেনের বাড়িতে আগুন লাগার পর স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। এর মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ও মাওনা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
আগুনে ভাড়া দেওয়া বাড়িটির ৪৫টি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু সায়েম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাই। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এই এলাকার বাসাবাড়ির রাস্তাটি প্রশস্ত না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনার কাছাকাছি স্থানে পৌঁছাতে ও আগুন নেভাতে চরম বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।’




