গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

কাশিয়ানী থানা
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পঞ্চবট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ওমর মীর ও জাহিদ মোল্লা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি বাস তাদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। জাহিদ মোল্লা ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয় লোকজন আহত ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই ওবায়দুল কাজী দুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



