হুমায়ূন আহমেদের জন্মদিনে নুহাশপল্লীতে মোমবাতি প্রজ্বালন, শ্রদ্ধা নিবেদন

ছবি: আগামীর সময়
নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে তার নিজের হাতে গড়া গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে। মোমবাতি প্রজ্বালন, সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটাসহ বিভিন্ন আয়োজনে তাকে স্মরণ করেন ভক্ত, স্বজন ও শুভানুধ্যায়ীরা।
বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর লিচুতলায় এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শুরু হয়।
শুক্রবার সকাল আটটায় হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন। পরে হুমায়ূনভক্ত, কবি, লেখক ও নাট্যাঙ্গনের ব্যক্তিরা সমাধিতে ফুল দিয়ে এই জনপ্রিয় লেখক ও নির্মাতাকে স্মরণ করেন। বেলা সাড়ে ১১টার দিকে নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন।
নুহাশপল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানালেন, বৃহস্পতিবার রাতে এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মদিনের কর্মসূচি শুরু হয়। শুক্রবার সকালে হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন। অসুস্থতার কারণে এবার জন্মদিনের আয়োজনে যোগ দিতে পারেননি হুমায়ূন আহমেদের দুই ছেলে নিনিত ও নিষাদ। বেলা সাড়ে ১১টার দিকে নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা কেক কেটে তার জন্মদিন উদ্যাপন করেন।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখা এই লেখক উপন্যাস, ছোটগল্প, নাটক ও চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় ১০ মাস চিকিৎসাধীন থাকার পর ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান হুমায়ূন আহমেদ। তার মৃত্যুতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়।



