সারাদেশে ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ দেবে সরকার: আমিনুল হক

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে সারাদেশে নতুন করে ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উদ্যোক্তাদের ঋণের পরিমাণ বাড়িয়ে ১০ লাখ টাকার বেশি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) প্রকল্পের আওতায় রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ১৫ হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ হাজার প্ল্যান্টের নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। চলমান প্রকল্পের আওতায় নতুন করে ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘গ্রামাঞ্চলে গরু ও হাঁস-মুরগির খামারের বর্জ্য ব্যবহার করে সহজেই বায়োগ্যাস উৎপাদন করা যায়। মাত্র তিনটি গরু থাকলেও একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন সম্ভব। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোক্তাদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও ঋণ দেবে। বর্তমানে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। এ ঋণের পরিমাণ ১০ লাখ টাকার বেশি করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
আমিনুল হক বলেন, ‘বায়োগ্যাস প্ল্যান্ট থেকে রান্নার জ্বালানি পাওয়ার পাশাপাশি জৈব সার উৎপাদন করা সম্ভব। এ সার কৃষিজমির উর্বরতা বাড়াতে সহায়তা করবে। উৎপাদিত সার বিক্রি করেও উদ্যোক্তারা বাড়তি আয় করতে পারবেন। পাশাপাশি বায়োগ্যাস ব্যবহারে পরিবেশদূষণ ও দুর্গন্ধ কমবে এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’
রাজশাহীর বায়োগ্যাস কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, জেলার নয়টি উপজেলা ও মহানগর এলাকায় ইতোমধ্যে ২৬৯টি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কোনো গ্রাম বা এলাকায় ৩০টি বায়োগ্যাস সংযোগ স্থাপন করা হলে সেটিকে ‘বায়োগ্যাস পল্লী’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে খামারি ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও ভূমিকা রাখতে হবে। এ জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়মিত মাঠপর্যায়ে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে দেশের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি জানান, প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ উপজেলা স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে খেলার মাঠ তৈরি করা হবে। বিদ্যমান মাঠগুলো সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগও নেওয়া হয়েছে। এ ছাড়া ৫০৩টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ বিষয়ক পাঠ্যবই চালুর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি সুস্থ, মেধাবী ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন এবং ইমপ্যাক্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. মাহফুজুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



