তিতাসে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ছবি: আগামীর সময়
কুমিল্লার তিতাসে একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর উত্তর চকের পাড়া-সংলগ্ন মাইঠা নদীর সংযোগ গাজীপুর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি পুরুষ। তার বয়স আনুমানিক ৫০-৫৫ বছর বলে ধারণা করছে পুলিশ। মুখে পাকা দাড়ি রয়েছে। পরনে ছিল কালো রঙের ফুলহাতা জার্সি ও সাদা রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট।
তিতাস থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ও এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, লাশটি কয়েক দিন আগের। শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিতাস থানার ওসি মমিরুল হক জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে শাহপুর উত্তর চকের পাড়া-সংলগ্ন খালে একটি ভাসমান লাশের খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



