২৪ ঘণ্টায় বিএনপি নেতাসহ ৫ জনকে গুলি-কুপিয়ে হত্যা

সংগৃহীত ছবি
রাজধানীসহ দেশের ৩ জেলায় ২৪ ঘণ্টায় বিএনপি নেতাসহ পাঁচজনকে গুলি করে, কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার বিকালের মধ্যে ঘটে এসব হত্যাকাণ্ড।
পাবনায় ওয়ার্ড বিএনপি সভাপতি আদম আলীকে (৬০) গুলি ও কুপিয়ে, যশোরে নিষিদ্ধ চরমপন্থীর সক্রিয় সদস্য বাহারুল মল্লিককে (৪৬) গুলি করে, যাত্রাবাড়ীতে সাগর খান ইমনকে (৩২) মাথায় গুলি করে, মিরপুরে পাওনা টাকার বিরোধে মেহেদী হাসানকে (২৫) ছুরিকাঘাতে এবং রাজশাহীতে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে শিমুল (২৮) নামে একজনকে হত্যা করা হয়েছে।
বিএনপি নেতাকে হত্যা: পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আদম আলীকে গতকাল বিকালে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদন্ত হাট থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। পরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
যাত্রাবাড়ীতে গুলি করে হত্যা: রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর ধলপুর এলাকার বাদল সরদার গলির রিকশা গ্যারেজের সামনে চারটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা ছয় থেকে আটজন গুলি শুরু করে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন দুজন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সাগর খান ইমরানকে মৃত ঘোষণা করা হয়। গুলিবিদ্ধ অন্যজন মোহাম্মদ জাকারিয়া (৩৩) ঢামেকে চিকিৎসাধীন।
অভয়নগরে চরমপন্থী সদস্যকে গুলি করে হত্যা: গতকাল সোমবার সকালে যশোরের অভয়নগরে নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সক্রিয় সদস্য বাহারুল মল্লিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার কারণে প্রায় ২০ বছর ধরে তিনি পলাতক ছিলেন। অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান জানিয়েছেন, বাহারুলের থুতনিতে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণায় পুলিশ বলছে, চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন: মিরপুর শাহআলী থানা এলাকায় রবিবার রাত ১টায় টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় মাহাবুব রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেহেদী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মোহাম্মদ আলমের ছেলে। তিনি শাহআলী এলাকায় থাকতেন। পেশায় ছিলেন সাইনবোর্ড কারিগর।
শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলম আগামীর সময়কে জানিয়েছেন, টাকা-পয়সার লেনদেন নিয়ে মেহেদীর সঙ্গে মাহবুবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাহবুব তার সঙ্গে থাকা ছুরি দিয়ে মেহেদীকে আঘাত করেন। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ সদস্যরা হইচই শুনে সেখানে এগিয়ে যান। মেহেদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মাহবুবকে ধরে ফেলেন। তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
রাজশাহীতে পিটুনিতে হত্যা: রবিবার রাতে রাজশাহীর বাঘায় গরু চুরির সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে লোকজন পিটুনি দেয়। এতে শিমুল নামের এক যুবক মারা যান। গুরুতর আহত হয়েছেন শমজান (৪০) নামের ব্যক্তি। খবর পেয়ে বাঘা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আহত শমজানকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।





