খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুর্বৃত্তরা

ভিডিও থেকে নেওয়া
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। এতে সিঁড়িতে সামান্য কালচে দাগ পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। সিঁড়ির আশপাশে কোনো দাহ্য বস্তু না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিজে থেকেই নিভে যায়।
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হয়। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, তবে সিঁড়িতে সামান্য কালচে দাগ পড়েছে।
ওসি আরও জানান, পেট্রোল বোমা নিক্ষেপে ব্যবহৃত মোটরসাইকেলটি সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




