নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলি

সংগৃহীত ছবি
নাটোর সদরের দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তিনটি যানবাহনে করে আসা মুখোশধারীরা শতাধিক রাউন্ড গুলি ছুড়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঘটে এ ঘটনা।
স্থানীয়দের ভাষ্য, ঢাকার দিক থেকে একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ এসে দত্তপাড়া বাজারে থামে। পরে যানবাহন থেকে কয়েকজন মুখোশধারী নেমে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে একাধিকবার ফাঁকা গুলিবর্ষণ করেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এলাকাবাসী এগিয়ে আসার আগেই যানবাহন নিয়ে ঢাকার দিকে চলে যান তারা। মুখোশ পরা থাকায় কাউকে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয় বিএনপি নেতা জুয়েলের দাবি, তিনটি যানবাহনে করে আসা ব্যক্তিরা বাজারে দাঁড়িয়ে স্লোগান দিয়ে শতাধিকবার গুলি ছোড়েন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে কাউকে সেখানে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলছে।
ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে ওসি জানান, রাতে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়নি। তবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।




