টুঙ্গিপাড়া থেকে মিছিল এসে পিরোজপুরে বিএনপি কার্যালয়ে আগুন

সংগৃহীত ছবি
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতা সুমন তালুকদারের বাড়িতেও র অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আসা ২০০ থেকে ৩০০ জনের একটি মিছিল থেকে চালানো হয় এ হামলা।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের উত্তর ঝনঝনিয়া টাওয়ার মোড়ে ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া এলাকা থেকে ২০০ থেকে ৩০০ জনের একটি মিছিল এসে টাওয়ার মোড়ে পৌঁছায়। পরে মিছিলকারীরা সেখানে অবস্থিত বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
বিএনপি নেতাদের দাবি, মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন। তারা বিএনপি নেতা সুমন তালুকদারের বাড়িতেও হামলা চালান। যে ভবনে বিএনপির কার্যালয়টি অবস্থিত, সেটির মালিক সুমন তালুকদার। তিনি মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানের অভিযোগ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থেকে লোকজন এসে ঝনঝনিয়ায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন। এ সময় সুমন তালুকদারের বাড়িতেও হামলা চালানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




