রেললাইনের পাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল স্বামী-স্ত্রীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়— সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে ইজ্জতপুর রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে স্বামী-স্ত্রীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরের পর তাদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, নাকি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহতরা হলেন রিনা আক্তার (২৫) ও তার স্বামী আল আমিন (৩৩)। রিনা শ্রীপুরে বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার মেয়ে। আল আমিনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। রিনা স্থানীয় আরবেলা ফ্যাশন কারখানায় এবং আল আমিন হ্যামস গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শনিবার দুপুরের পর রিনা ও আল আমিনকে রেলপথ ধরে হাঁটাহাঁটি, গল্প ও খুনসুটি করতে দেখা যায়। পরে তারা দীর্ঘ সময় রেললাইনের ওপর বসে গল্প ও আড্ডা দেন। বিকালে ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক ও এক যুবতীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত রিনার ভাই সুমন জানান, রিনা ও আল আমিন চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতেন। সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। এ নিয়ে এবং সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
সুমন বলেছেন, ‘তারা আত্মহত্যা করল, না ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো, তা নিশ্চিত করে বলতে পারছি না।’
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেছেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





