১১০ বছরে গৌরবের ইতিহাস, ঐতিহ্যের ধারক কারমাইকেল কলেজ

ইতিহাস, গৌরবময় ঐতিহ্য আর অসংখ্য স্মৃতির সাক্ষী রংপুরের কারমাইকেল কলেজ। ছবি: আগামীর সময়
জীবন্ত ইতিহাস, গৌরবময় ঐতিহ্য আর অসংখ্য স্মৃতির সাক্ষী রংপুরের কারমাইকেল কলেজ। আজ ১০ নভেম্বর, উত্তরের অক্সফোর্ডখ্যাত এই শিক্ষাপ্রতিষ্ঠানের ১১০ বছর পূর্তি। ১৯১৬ সালের এই দিনে তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামানুসারেই প্রতিষ্ঠানটির নাম রাখা হয় কারমাইকেল কলেজ।
প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে আসছে প্রতিষ্ঠানটি। রাষ্ট্রভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের নানা গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও রয়েছে এ কলেজের গৌরবময় ভূমিকা। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটি নিজেই হয়ে উঠেছে ইতিহাসের অংশ।
একসময় অবিভক্ত বাংলার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কারমাইকেল কলেজ ছিল অন্যতম। তৎকালীন রংপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, আসাম ও আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কলেজটি। সে সময় রংপুরে উচ্চবিদ্যালয় পর্যায়ে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও কলেজ পর্যায়ে কোনো প্রতিষ্ঠান ছিল না। এ অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ তৈরির প্রয়োজনীয়তা থেকেই কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯১৩ সালে তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল রংপুর সফরে এলে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে এ অঞ্চলে একটি প্রথম শ্রেণির কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে তার সহযোগিতা চাওয়া হয়। তার অভিমতের পরিপ্রেক্ষিতে ১৯১৩-১৪ সালে তৎকালীন রংপুরের জেলা কালেক্টর জে এন গুপ্ত কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এ জন্য তিনি অঞ্চলের রাজা, জমিদার, বিত্তবান ব্যক্তি ও শিক্ষানুরাগীদের নিয়ে তহবিল সংগ্রহের সভা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে অনেক জমিদার ও বিত্তশালী ব্যক্তি অর্থ ও জমি দান করেন।
কলেজের মূল ভবনের মাঝখানে অবস্থিত অন্নদা মোহন হলে এসব দাতার নাম পাথরে খোদাই করে লেখা আছে। ২৮ জন দাতার মধ্যে সবার আগে রয়েছে অন্নদা মোহন রায় চৌধুরী বাহাদুরের নাম। এ ছাড়া কুন্তি, কাশিমবাজার, রাধাবল্লভ, ধর্মপুর, মন্থনা, তুষভান্ডার, মহীপুরের পাঙ্গা, কুড়িগ্রাম, খোলাহাটি ও রসুলপুর এলাকার জমিদার, জোতদার ও শিক্ষানুরাগীরাও কলেজ প্রতিষ্ঠায় সহযোগিতা করেন। কেউ অর্থ দিয়েছেন, কেউ দিয়েছেন জমি।
জমি দানের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখেন কুন্তির জমিদার ও তৎকালীন রংপুরের অন্যতম শিক্ষানুরাগী সুরেন্দ্রনাথ রায় চৌধুরী। তিনি ও তার ভাই মিলে প্রায় সাড়ে ৪০০ বিঘা নিষ্কণ্টক জমি দান করেন। পরে ১৯১৬ সালের ১০ নভেম্বর রংপুরে এসে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গভর্নর লর্ড কারমাইকেল। ১৯১৭ সালের জুলাই মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজটিতে আইএ ও বিএ শ্রেণি খোলার অনুমতি দেয়। এরপর প্রায় দুই বছর রংপুরের বর্তমান জেলা পরিষদ ভবনে কলেজের পাঠদান কার্যক্রম চলে। ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় কলেজের মূল ভবন।
প্রায় ৮০০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত কারমাইকেল কলেজের মূল ভবন ইন্দো-সারাসেনিক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি, ২১টি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।
সবুজে ঘেরা বিশাল ক্যাম্পাসের মাঝখানে শ্বেতশুভ্র মূল ভবনটি আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। রংপুরের লালবাগ হাট থেকে একটি প্রবেশপথ পেরিয়ে চুন-সুরকি ও সিমেন্টের সড়ক চলে গেছে মূল ভবনের দিকে। ক্যাম্পাসে আছে শিক্ষকদের আবাসিক ভবন, ডরমিটরি, স্বাস্থ্যকেন্দ্র, কিউএ মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, পরীক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র, ছাত্রী বিশ্রামাগার, বিভাগীয় ভবন, ক্যানটিন, আবাসিক হল, সাব-পোস্ট অফিস, আধুনিক মিলনায়তন, বিএনসিসি ও স্কাউটের জন্য টালির ভবন, ছাত্র বিশ্রামাগার এবং প্রশাসনিক ভবন। আছে তিনটি বড় খেলার মাঠ।
মূল ভবনের পূর্ব পাশে আছে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য। দক্ষিণে শহীদ মিনার, তিনতলা বিজ্ঞান ভবন, কলা ও বাণিজ্য ভবন, দ্বিতল রসায়ন ভবন এবং ফুলে সাজানো বাগান। কলেজের গ্রন্থাগারে রয়েছে প্রায় ৭০ হাজার বইয়ের সমৃদ্ধ সংগ্রহ। ক্যাম্পাসের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত উন্মুক্ত মঞ্চটি বাংলা মঞ্চ নামে পরিচিত। কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম প্রাণকেন্দ্র এটি। ক্যাম্পাসের দক্ষিণ অংশে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ক্যাম্পাসজুড়ে সবুজের সমারোহ। কোথাও শিক্ষার্থীদের দলবেঁধে আড্ডা, কোথাও হাসি-ঠাট্টা ও খুনসুটি। ১১০ বছরের ঐতিহ্য বুকে ধারণ করে প্রতিদিনের মতোই প্রাণচঞ্চল শিক্ষার্থীদের পদচারণে মুখর ক্যাম্পাস। কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে।
হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিলা জামান বলেন, ‘কারমাইকেল কলেজ আমাদের গর্বের জায়গা। একদিন এই ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। আশা করি, ভবিষ্যতেও প্রতিদিনের মতো আমাদের প্রিয় ক্যাম্পাস উৎসবমুখর থাকবে।’
একই বর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ বলেন, ‘শত বছরের ঐতিহ্যের এই প্রতিষ্ঠান থেকে ভালো মানুষ হয়ে বের হতে চাই। দেশ গড়ার স্বপ্ন দেখতে চাই, অন্যদেরও স্বপ্ন দেখাতে চাই।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মণ্ডল নিজেও এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে গর্বিত তিনি। আগামীর সময়কে তিনি বলেন, ‘নিজের এই প্রতিষ্ঠানেই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। ইতিহাসের ধারাবাহিকতায় কারমাইকেল কলেজ নিজেই একটি ইতিহাস। এই কলেজের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে আছে। এখান থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী দেশবরেণ্য হয়েছেন।’




