খটখট শব্দে মুখর টাঙ্গাইলের তাঁতপল্লী, ক্রেতাদের উপচে পড়া ভিড়

ছবিঃ আগামীর সময়
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইলে জমে উঠেছে তাঁতের শাড়ির উৎপাদন ও বেচাকেনা। জেলার বিভিন্ন তাঁতপল্লীতে এখন ব্যস্ত সময় পার করছেন তাঁতি ও ব্যবসায়ীরা।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত খটখট শব্দে মুখরিত থাকে দেলদুয়ারের পাথরাইল ও কালিহাতির বল্লা-রামপুর এলাকা। তাঁতঘরে চলছে শাড়ি তৈরির কাজ, আর শোরুমগুলোতে ক্রেতাদের ভিড়ও বাড়ছে দিন দিন।
তাঁতপল্লীগুলোতে সুতি, জামদানি ও সিল্ক শাড়ির বিশাল সমাহার নিয়ে কাজ করছেন তাঁতিরা। দেশের চাহিদা মিটিয়ে এসব শাড়ি বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
সব উৎসবে নারীদের পোশাকের তালিকায় শাড়ির অবস্থান শীর্ষে। আর সেই শাড়ির মধ্যে টাঙ্গাইলের তাঁতের শাড়ি আলাদা জনপ্রিয়তা ধরে রেখেছে। ইতোমধ্যে টাঙ্গাইলের তাঁতের শাড়ি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতিও পেয়েছে।
তাঁত শ্রমিকরা জানান, ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে তারা দিন-রাত কাজ করছেন। মালিকের চাপ সামলে পরিবার নিয়ে উৎসব উদযাপনের প্রস্তুতিও নিতে হচ্ছে।
পারিশ্রমিক নিয়ে কেউ কেউ অভিযোগও তুলেছেন। তাদের ভাষ্য, তুলনামূলকভাবে যে পরিশ্রম তারা করছেন, সেই অনুযায়ী ন্যায্যমূল্য তারা পাচ্ছেন না।
সরেজমিনে স্থানীয় ব্যবসায়ী নুর মোহাম্মদ রিপনের সঙ্গে কথা হয়। তিনি জানিয়েছেন, ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও টাঙ্গাইলের তাঁতের শাড়িতে এসেছে নতুন নতুন ডিজাইন। এসব শাড়ি কিনতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসছেন। পছন্দের শাড়ি কিনে নিয়ে যাচ্ছেন তাঁতপল্লীর শোরুম থেকে।
'উৎসব কিংবা যেকোনো অনুষ্ঠানে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা পাথরাইল, করটিয়া ও কালিহাতির বল্লাসহ বিভিন্ন তাঁতপল্লীতে ভিড় করছেন।' এসব কথা বলেছেন কালিহাতী এলাকার বাসিন্দা শাহ আলম সরকার।
টাঙ্গাইল পৌরসভার কাগমারা এলাকার কাপড় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেছেন, বড় বড় মার্কেটের ভিড় এড়িয়ে অনেকেই নিরিবিলি পরিবেশে শোরুম থেকে শাড়ি কিনতে পছন্দ করছেন। পাথরাইলের শোরুমগুলোতে তুলনামূলক কম দামে বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে।
এর মধ্যে রয়েছে কটন, হাফ সিল্ক, টাঙ্গাইল জামদানি, সফট সিল্ক, মুসলিন জামদানি, টিসু জামদানি, বুটিক কাজ, সুতি জামদানি, কাঁতান, বালুচুরি, হাজার বুটিক ও বেনারসি শাড়ি। এছাড়া শাড়ির পাশাপাশি টাঙ্গাইলের তাঁতে তৈরি থ্রি-পিসও কিনছেন ক্রেতারা।
ঢাকার উত্তর বাড্ডা থেকে শাড়ি কিনতে আসেন মিতা লিপন। তার সঙ্গে কথা হলে তিনি বলেছেন, টাঙ্গাইলের শাড়িতে সব সময় নতুনত্ব থাকে। তাই এটি রমণীদের প্রথম পছন্দ। দেশীয় পণ্যকে সবার কাছে তুলে ধরতে ঢাকা থেকে টাঙ্গাইলে এসেছেন। তার বাবার বাড়িও টাঙ্গাইলে। তাই টাঙ্গাইলের শাড়ির প্রতি তার আলাদা টান রয়েছে।
তার মতে, টাঙ্গাইলের শাড়ি মানেই উন্নত মান, টেকসই কাপড় এবং আরামদায়ক ব্যবহার। যেকোনো উৎসবে অন্তত একটি হলেও টাঙ্গাইলের শাড়ি পরার ইচ্ছা থাকে তার।
পাথরাইলের তাঁত ব্যবসায়ী বিমল জানালেন, এবারের ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে শাড়ি ও অন্যান্য পোশাকের বিক্রি কিছুটা বেড়েছে। সামনে দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।
তাঁত কমিটির সভাপতি রঘুনাথ বসাক বলেছেন, দেশের মানুষ যদি দেশীয় পণ্য ব্যবহার করে এবং উৎসবে তা পরিধান করে, তাহলে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে।
তিনি মনে করেন, ঈদ ও পহেলা বৈশাখ যতই ঘনিয়ে আসবে, শাড়ির বিক্রিও তত বাড়বে।
দেলদুয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস বলেছেন, জিআই পণ্য ইস্যুতে টাঙ্গাইলের শাড়ি নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছিল। তবে শেষ পর্যন্ত জয় হয়েছে টাঙ্গাইলের শাড়িরই। ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী শাড়ি আপন মহিমায় টিকে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।



