কুয়েট অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা

সংগৃহীত ছবি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহা. রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুই দুর্বৃত্ত।
আজ বুধবার সকালে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় অধ্যাপক ড. রফিকুল ইসলাম নগরীর খালিশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
খালিশপুর থানার ওসি শাহজাহান আহমেদ বলেছেন, সকালে মেইন রাস্তায় যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী দুইজন দুর্বৃত্ত স্যারের ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি খালিশপুর থানায় অভিযোগ করেছেন। সিসি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনাসহ আমরা ঘটনাটি তদন্ত করছি। তবে স্যারের আঘাত গুরুতর নয় বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।




