হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। ছবি: আগামীর সময়
হবিগঞ্জে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভের নিচে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা বক্তব্য ছড়িয়ে পড়েছে। কে বা কারা আগুন দিয়েছে, তা তদন্ত করছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভের তলদেশে আগুন দেখতে পান পথচারীরা। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এতে স্মৃতিস্তম্ভের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। শুধু নিচের অংশে কালির দাগ পড়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের দায়ী করে পোস্ট দিয়েছেন। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তিদের পক্ষের কয়েকজনও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা করার সিদ্ধান্ত হয়নি।




