ভাই দাবিদারের ডিএনএ নমুনা সংগ্রহ করলেন সেলিনা
- সেলিনা দেড় বছর বয়সে পাড়ি জমান নেদারল্যান্ডসে
- ৪৫ বছর পর জন্মদাতা পরিবারের সন্ধানে কক্সবাজারে

ভাই দাবি করা ব্যক্তির সঙ্গে সেলিনা গোমেজ
হাতে শৈশবের একটি সাদাকালো ছবি, সঙ্গে পুরনো পাসপোর্টের ফটোকপি। এসব নিয়েই চার দশকের বেশি সময় আগে হারিয়ে যাওয়া জন্মদাতা মা-বাবাকে খুঁজছেন সেলিনা গোমেজ। জন্মস্থান কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট। মাত্র দেড় বছর বয়সে একটি ডাচ পরিবারের সঙ্গে দেশ ছেড়েছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় ৪৫ বছর। বদলেছে দেশ, ভাষা, পরিচয়। কিন্তু জন্মদাতা পরিবারের সন্ধান পাওয়ার আকাঙ্ক্ষা কখনো বদলায়নি।
সেই আকাঙ্ক্ষা থেকেই সুদূর নেদারল্যান্ডস থেকে বারবার বাংলাদেশে ছুটে এসেছেন সেলিনা। এবার তার অনুসন্ধানে কিছুটা আশার আলো দেখা দিয়েছে। চকরিয়ায় খোঁজাখুঁজির সময় এক ব্যক্তি নিজেকে তার ভাই বলে পরিচয় দিয়েছেন। পরে কক্সবাজার শহরে এসে সেলিনার সঙ্গে সাক্ষাৎও করেছেন তিনি। ওই ব্যক্তির সঙ্গে পারিবারিক সম্পর্ক নিশ্চিত হতে তার ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করেছেন সেলিনা। এখন পরীক্ষার ফলের অপেক্ষা।
ভাই পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম আবু সৈয়দ। তার দেওয়া তথ্য অনুযায়ী, বাবার নাম মোহাম্মদ সাছি মিয়া এবং মায়ের নাম সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ভরামুহুরী মসজিদ পাড়ার বাসিন্দা। তার জন্ম ১৯৭২ সালের ১৪ জানুয়ারি।
গত শনিবার চকরিয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও মানুষের সঙ্গে কথা বলার সময় আবু সৈয়দ নিজেকে সেলিনার ভাই হিসেবে পরিচয় দেন। পরদিন রবিবার (৮ নভেম্বর) বিকালে তিনি কক্সবাজার শহরের একটি তারকা হোটেলে সেলিনার সঙ্গে দেখা করেন। এ সময় তার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। ঢাকায় গিয়ে নমুনাটি পরীক্ষা করানোর কথা রয়েছে। পরীক্ষার ফল মিললে দীর্ঘদিন ধরে খুঁজতে থাকা পরিবারের সন্ধান পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
তবে ডিএনএ পরীক্ষার ফল না আসা পর্যন্ত আবু সৈয়দের সঙ্গে সেলিনার প্রকৃত পারিবারিক সম্পর্ক নিশ্চিত হওয়া যাচ্ছে না।
সেলিনার দাবি, তার জন্ম কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। জন্মের পর পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাকে দত্তক দেওয়া হয়। বয়স যখন মাত্র দেড় বছর, তখন এক নারীর সঙ্গে ঢাকা যাওয়ার পর একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। সেখানে নতুন পরিবারে তার নাম হয় সেলিনা গোমেজ। দত্তক নেওয়া মা-বাবার আদর-যত্নে সেখানেই বেড়ে ওঠেন তিনি।
সেলিনার কাছে থাকা পুরনো পাসপোর্টের ফটোকপিতে জন্মতারিখ উল্লেখ রয়েছে ১৯৮১ সালের ৭ জুলাই। সেখানে জাতীয়তা লেখা বাংলাদেশি। শৈশবের একটি সাদাকালো ছবিও রয়েছে তার কাছে। জন্মভূমির কোনো স্মৃতি মনে না থাকলেও এসব নথি ও ছবি এখন তাকে নিজের শিকড়ের কাছে পৌঁছানোর পথ দেখাচ্ছে।
গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসেন সেলিনা। এরপর থেকে চকরিয়ার মালুমঘাট, ডুলাহাজারা, খুটাখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় জন্মদাতা পরিবারের খোঁজ করছেন। মানুষের হাতে তুলে দিচ্ছেন লিফলেট। কথা বলছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। কেউ তার পরিবার সম্পর্কে কিছু জানেন কি না, সেই আশায় এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটছেন।
সেলিনা বাংলা ভাষায় কথা বলতে পারেন না। মনে নেই জন্মদাতা মা-বাবার চেহারা, শৈশবের বাড়ি কিংবা স্বজনদের মুখ। তবু অচেনা এই জন্মভূমিতে তার অনুসন্ধান থেমে নেই।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সেলিনা বলেছেন, ‘আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাদের খুব মিস করি। তাদের মনে করতে পারি না। তবে জানি, আমার মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ। নেদারল্যান্ডসে আমি নিজেকে একা অনুভব করি। আশা করি, একদিন মা-বাবাসহ আমার পরিবারের সবাইকে খুঁজে পাব।’
নিজের জন্ম ও দত্তক হওয়ার বিষয়ে তিনি বললেন, ‘আমি জেনেছি, আমার জন্ম মালুমঘাটে। দেড় বছর বয়সে একজন নারী আমাকে ঢাকায় নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে একটি ডাচ পরিবার আমাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। ওই পরিবার আমাকে অনেক আদর-যত্নে বড় করেছে। কিন্তু নিজের জন্মদাতা পরিবারের সঙ্গে আবারও একত্রিত হতে চাই।’
সেলিনার এ অনুসন্ধানে সহযোগিতা করছেন তার বাংলাদেশ সফরের গাইড ও ভ্রমণ সহকারী রাসেল আলম। তিনি জানিয়েছেন, প্রায় সাত-আট বছর আগে প্রথমবার বাংলাদেশে আসেন সেলিনা। এরপর একাধিকবার দেশে এলেও জন্মদাতা পরিবারের সন্ধান পাননি। এবারও পরিবারের খোঁজে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে।
রাসেল আলম বলেছেন, এক ঘনিষ্ঠজনের মাধ্যমে সেলিনার সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে পরিবারের সন্ধান পেতে তাকে সহযোগিতা করছেন। সেলিনা আরও ১০ থেকে ১৫ দিন বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় তারা দুজন মিলে সম্ভাব্য বিভিন্ন এলাকায় খোঁজ চালাবেন।
রাসেল আলমের ভাষ্য, আবু সৈয়দের ভাই পরিচয়ের পর ডিএনএ নমুনা সংগ্রহ সেই অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন একটি পরীক্ষার ফলের অপেক্ষায় সেলিনা। সেই ফলই হয়তো জানিয়ে দেবে, দীর্ঘ ৪৫ বছর পর সত্যিই নিজের পরিবারের কাউকে খুঁজে পেয়েছেন কি না তিনি।




