শৈশবের কোনো স্মৃতি নেই। মনে নেই জন্মদাতা মা-বাবার চেহারা, নিজের বাড়ি, গ্রামের পথ কিংবা স্বজনদের মুখ। শুধু পুরনো কিছু কাগজপত্রে লেখা জন্মস্থান আর মা-বাবার নামটুকুই সম্বল। সেই নাম ও জন্মস্থানের সূত্র ধরে সুদূর নেদারল্যান্ডস থেকে আবারও জন্মভূমি বাংলাদেশে ছুটে এসেছেন সেলিনা গোমেজ। হাতে শৈশবের একটি সাদাকালো ছবি, সঙ্গে পুরনো পাসপোর্টের ফটোকপি। এসব আঁকড়েই কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট ও আশপাশের এলাকায় খুঁজে ফিরছেন নিজের জন্মদাতা মা-বাবা ও স্বজনদের।মাত্র দেড় বছর বয়সে এক নারীর সঙ...