কেশবপুর
খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের কেশবপুরে মুরগির খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির রহমান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির রহমান গ্রামের আজাহারুল ইসলামের ছেলে। সে ভান্ডারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এক ভাই ও এক বোনের মধ্যে সাব্বির ছিল ছোট।
এলাকাবাসী জানান, আজাহারুল ইসলামের বাড়ির পাশে একটি মুরগির খামার রয়েছে। প্রতিদিনের মতো শুক্রবার সকালে সাব্বির খামারের পাশে খেলছিল। বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে দুটি তারের মাধ্যমে খামারে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। খামারে চারটি বৈদ্যুতিক বাতি ঝুলন্ত অবস্থায় ছিল। বৈদ্যুতিক তারে লিকেজ থাকলেও বিষয়টি কেউ জানত না।
খেলার সময় সাব্বির দুটি বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কেশবপুর থানার ডিউটি অফিসার জানান, এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



