নোয়াখালীতে গাড়ির ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

নিহত স্কুলশিক্ষক শফিকুল আজিম ওরফে সুমন
নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটার দিকে উপজেলার চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনের ঘটনা এটি।
নিহত সুমন উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কাদিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের ওয়ালী বেপারী বাড়ির মাস্টার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বিকেলে সুমন চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলে করে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওনা দেন। পথে জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।’




