এক সপ্তাহে ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি

ছবি: আগামীর সময়
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন দফায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কমিটিকে বলা হয়েছে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন আনোয়ার হোসেন। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানসী রানি সরকারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও হাতিয়া থানার ওসি।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার পেছনে ‘ম্যাস হিস্টিরিয়া’ কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটিই চূড়ান্ত কারণ নয়। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত কমিটি কাজ করবে। সোমবার নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া এক শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলেও অসুস্থতার অন্য কোনো কারণ পাওয়া যায়নি।
জানা গেছে, সর্বশেষ গতকাল বুধবার দুপুরে ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদিন মোট ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়।
এর আগে গত ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। এরপর ১৪ সেপ্টেম্বর আরও ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
তবে ভিন্ন তথ্য উঠে এসেছে কৃষি বিভাগের পর্যবেক্ষণে। ৭ সেপ্টেম্বরের ঘটনার পর কৃষি বিভাগের তদন্তে বলা হয়, বিদ্যালয়ের পাশের জমিতে কীটনাশক ব্যবহারের গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে।
একই বিদ্যালয়ে ৩ দফায় শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে পুরো এলাকায়। স্বাস্থ্য বিভাগের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অসুস্থতার প্রকৃত কারণ কী উঠে আসে, এখন সেটিই দেখার বিষয়।




