দুমকিতে সরকারি কলেজ চত্বর থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার

ছবি: আগামীর সময়
পটুয়াখালীর দুমকির সরকারি জনতা কলেজ চত্বর থেকে মেশিনগানের একটি কার্তুজ (বুলেট) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলার সময় তামা সদৃশ একটি বস্তু দেখতে পায়। প্রথমে খেলনা ভেবে বাসায় নিয়ে যায় সে। পরদিন রবিবার স্কুলে বন্ধুদের দেখানোর জন্য সেটি নিয়ে আসে। টিফিনের সময় এলাকার জিহাদ হোসাইনকে দেখালে তিনি ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে এসে কার্তুজটি উদ্ধার করে।
জিহাদুল ইসলাম জানায়, ‘মাঠে ফুটবল খেলার সময় তামা সদৃশ একটি বস্তু দেখতে পাই। প্রথমে সেটিকে খেলনা ভেবে বাসায় নিয়ে যাই। পরদিন এলাকার জিহাদ ভাইকে দেখালে তিনি পুলিশে খবর দেন।’
দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্তুজটি উদ্ধার করি। প্রাথমিকভাবে জানা গেছে- এটি মেশিনগানের কার্তুজ। এটি কীভাবে এখানে এলো, সে বিষয়ে তদন্ত চলমান।



