রামপাল থানার ওসি শেখ রাজীব মারা গেছেন

শেখ রাজীব আল রশিদ। সংগৃহীত ছবি
বাগেরহাটের রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে মৃত্যু হয় তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজীবের জানাজা আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
রামপাল থানায় দায়িত্ব পালনকালে শেখ রাজীব সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন বলে স্থানীয়রা জানান। তার কর্মনিষ্ঠা, বিনয় ও আন্তরিক আচরণে তিনি রামপালবাসীর কাছে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
তার মৃত্যুতে রামপালবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে হারিয়েছে বাগেরহাট জেলা পুলিশ।
শেখ রাজীবের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে বাগেরহাট জেলা পুলিশ। এক শোকবার্তায় জেলা পুলিশ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।




