বারহাট্টা
মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা না করতে হুমকি

ছবি: আগামীর সময়
নেত্রকোনার বারহাট্টার হিফজুল আলম মাদ্রাসা ও এতিমখানার এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক দোকানির বিরুদ্ধে। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের অভিযোগ, ঘটনার পর বিচার পাওয়ার বদলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলা না করতে ও বিষয়টি প্রকাশ না করতে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসার পাশের নদীর পাড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্থানীয় দোকানি আব্দুল মালেক চকলেট, বিস্কুট ও খাতা-কলম দেওয়ার লোভ দেখিয়ে এর আগেও একাধিকবার শিশুটির সঙ্গে এ ধরনের আচরণ করেছেন বলে পরিবারের দাবি।
অভিযোগ রয়েছে, আব্দুল মালেক মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলামের আপন চাচা। এ সম্পর্ককে কাজে লাগিয়ে মুহতামিম স্থানীয় কয়েকজন বিএনপি নেতার সহায়তায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্ত আব্দুল মালেক বর্তমানে পলাতক থাকায় তার বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।
মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম অভিযোগটি অস্বীকার করে বলেছেন, ধর্ষণের ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে মাদ্রাসা কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বারহাট্টা থানার ওসি জানিয়েছেন, তিনি ছুটিতে রয়েছেন। থানার আইসি তাকে জানিয়েছেন শিশুটির অভিভাবক এখনো কোনো অভিযোগ করেননি। তিনি আজ ঘটনাটি খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিশু নির্যাতনের অভিযোগ এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।



