মাকে মারধর করে বাড়িতে আগুন দেওয়া ছেলের ৬ মাসের কারাদণ্ড

মাকে মারধর করে বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছেলে সাইফুল ইসলামকে ছয়মাসের কারাদণ্ড। ছবি: আগামীর সময়
নোয়াখালীর সেনবাগে মায়ের অভিযোগের ভিত্তিতে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।
এর আগে একই দিন সন্ধ্যায় সেনবাগ থানা-পুলিশ উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামে নিজ বাড়ি থেকে সাইফুলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেওয়া হয়। দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ড পাওয়া যুবকের নাম মো. সাইফুল ইসলাম (৩০)। তিনি ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা ও পরিবারের সদস্যদের মারধর করতেন। সোমবার দুপুরে মাদকাসক্ত অবস্থায় তিনি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। এ সময় মাকেও মারধর করেন। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সাইফুলের অত্যাচারের বিষয়ে তার বোন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ বিষয়টি তাকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুলকে আটক করে। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে সাইফুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। পরে আদালতের নির্দেশে পুলিশ তাকে কারাগারে পাঠায়।




