প্রবাসীকল্যাণ মন্ত্রী
পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে সরকার

ছবি: আগামীর সময়
দেশের পিছিয়ে থাকা অঞ্চলগুলোর উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, পিছিয়ে পড়া এলাকাগুলোর যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজাগঞ্জের সড়ক যোগাযোগের দুরবস্থার কথা তুলে ধরে মন্ত্রী বলেছেন, অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে এলাকার রাস্তাঘাটের বেহাল চিত্র তার নজরে এসেছে। বিষয়টি তাকে ব্যথিত করেছে।
তিনি বলেছেন, রাজাগঞ্জ রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু দীর্ঘদিন ধরে এখানকার মানুষ নানা সমস্যার মধ্যে রয়েছেন। পিছিয়ে থাকা অঞ্চলগুলোর উন্নয়নে বিশেষ নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। রাজাগঞ্জের উন্নয়নে তিনি পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সহযোগিতা করবেন।
আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগব্যবস্থা। সড়ক যোগাযোগ ভালো হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হয়। এতে স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হয়।
রাজাগঞ্জসহ পিছিয়ে থাকা এলাকার সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি বলেছেন, এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারের নেওয়া প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নে স্থানীয় মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে কানাইঘাটের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





